ঢাকা: গুলিবিদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের অবস্থা স্থিতিশীল। তার দেহে সফল অস্ত্রপচার হলেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে। তার চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
গুলশান ইউনাইটেড হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
রিয়াজ রহমানের ব্যক্তিগত চিকিৎসক শুভ রহমান বলেন, ধীরে ধীরে স্যারের অবস্থার উন্নতি হচ্ছে। আরো কিছু সময় পার হলে তার শরীরের অবস্থা জানা যাবে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে দেখা করার পর তিনি গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। এরপর তাকে বহনকারী প্রাইভেটকারটিতে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। তিনি কোমরে একটি ও উরুতে তিনটি গুলিবিদ্ধ হন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।