সিসি নিউজ: নীলফামারীতে একটি ঠিকাদারী প্রতিষ্টানের কাছে চাঁদা না পেয়ে শ্রমিকদের বেধড়ক মারপিট করে নির্মানাধীন সীমানা প্রাচীর ভাংচুর করেছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জানা যায়, গোল্ড টাইমিং ম্যানুফেকচার (বিডি) লিমিটেড নামের একটি সংস্থা সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ামোড় ফকির পাড়াস্থ নীলফামারী-সৈয়দপুর সড়কের পার্শ্বে ২ একর ৬২ শতক জমি কিনে শিল্প প্রতিষ্টান করার জন্য অবকাঠামো নির্মান করছেন। তাদের এই অবকাঠামো নির্মানের কাজ পেয়েছেন স্থানীয় নাজমুল কনট্রাকশন। এদিকে আজ দুপুরে আবুল শেখের নেতৃত্বে স্থানীয় ১৫/ ২০ জনের একটি দল নাজমুল কনট্রাকশনের মালিক নাজমুল শেখের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করেন। তারা টাকা দিতে অস্বীকার করায় চাঁদাবাজরা নির্মানাধীন সীমানা প্রাচীর ভাংচুর করতে থাকেন। এসময় বাঁধা দিতে গেলে আলমগীর শেখ (২৫) ও নুরনবী (৩০) নামে দুই শ্রমিককে বেদম মারপিট করে গুরুত্বর আহত করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কনট্রাকশনের মালিক নাজমুল শেখ বাদী হয়ে ১০ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। নাজমুল কনট্রাকশনের মালিক নাজমুল শেখ জানান, চাঁদাবাজদের হামলায় তার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে গোল্ড টাইমিং ম্যানুফেকচার (বিডি) লিমিটেডের উপ-মহা ব্যবস্থাপক সুব্রত সরকার জানান, চাঁদা না পেয়ে স্থানীয় কিছু চাঁদাবাজ নির্মান শ্রমিকদের মারধর করে সীমানা প্রাচীর ভাংচুর করেছে।