সিসি নিউজ: নীলফামারীতে বাল্য বিবাহ আয়োজন করার অপরাধে কনের চাচা ও মামাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী এই দন্ডাদেশ প্রদান করেন।
এরা হলেন কনের চাচা সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের এরশাদুল হক ও মামা পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামের আব্দুস শুকুর।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, শুক্রবার রাতে ইটাখোলা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মোজাফ্ফর হোসেনের মেয়ে ও সিংদই দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী মোতাহারা বেগমের সাথে একই উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের জোড়াপুল গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল মালেকের বিয়ে আয়োজন করে কনের মামা ও চাচাসহ কনের পরিবার।
গোপন সংবাদেরর ভিত্তিতে পুলিশ বিয়ে বাড়িতে উপস্থিত হলে কনের বাবা-মাসহ অন্যরা পালিয়ে যায়। এসময় কনের চাচা এরাশাদুল ও কনের মামা আব্দুস শুকুরকে আটক করে ভ্রাম্যান আদালতে হাজির করে পুলিশ। এতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী আটককৃত কনের চাচা ও মামাকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। ওই রাতেই তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী জানান, মেয়েটির চাচা ও মামার সার্বিক সহযোগীতায় তার পরিবার বাল্য বিবাহের আয়োজন করে। ঘটানর রাতে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন ছিল, শুধু বর আসার অপেক্ষায় ছিল কনের পরিবার।
এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই দু’জনকে আটক করে নিয়ে আসে। আটককৃতদের বাল্যবিবাহ নিরোধ আইনে ওই সাজা প্রদান করা হয়।