আকতার হোসেন বকুল, হিলি: দিনাজপুরের হিলি স্থলবন্দরের ওয়্যারহাউজ পানামা পোর্টে আমদানিকৃত পণ্যের ওজন নিয়ে ভারতীয় ট্রাক চালক ও বন্দরের ব্যবসায়িদের মধ্যে বিরোধের কারণে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে ট্রাক চালকেরা। ফলে আজ বুধবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দিনের মতো ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
হিলি স্থলবন্দরের ব্যবসায়িরা জানান, ভারতীয় ট্রাকের মাধ্যমে বিভিন্ন পণ্য আমদানি করে বন্দরের পানামা পোর্টে আনেন ব্যবসায়িরা। এসময় পণ্যের ওজন করা হলে সেখানে ৫০ থেকে ২০০ কেজি পর্যন্ত কম হয়। বিষয়টি ভারতীয় ব্যবসায়ি এবং ট্রাক চালকদের একাধিকবার জানানো হয়। কিন্তু তারা কোনো সমাধান না করেই পণ্য পরিবহন করে আসছেন। গত রোববার আবারও ওজনে কম পণ্য পাওয়া গেলে তাদের জানানো হয়। এতে ভারতীয় ট্রাক চালকেরা ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করেই বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ করে দেন।
তারা আরও জানান, বিকেলে হিলি চেকপোষ্ট গেটে ট্রাক চালক ও সেখানকার ব্যবসায়িদের সাথে আলোচনা করা হলেও ট্রাক চালকদের অপবাদ দেওয়া থেকে বিরত না থাকলে তারা পণ্য পরিবহন করবেন না বলে জানান। বিষয়টি নিয়ে আবারও আলোচনা করা হবে।
এদিকে বন্দরের কাষ্টমস সহকারি কমিশনার মহিববুর রহমান ভূঞা বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকার সত্যতা নিশ্চিত করেছেন।