সিসি নিউজ: অবরোধ কর্মসূচিতে সারাদেশে নাশকতামূলক কর্মকাণ্ডে বিএনপি বা তার শরিক দলের নেতা-কর্মীরা জড়িত নয়- বলে খালেদা জিয়া যে তথ্য দিয়েছেন তা সঠিক নয় দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দাবির পক্ষে গত ১৫ দিনের অবরোধে নাশকতায় সরাসরি জড়িত এমন আটক বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের পরিসংখ্যান দিয়েছেন তিনি।
বুধবার দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
আমির হোসেন আমু বলেন, ‘খালেদা জিয়া বলেছেন তারা নাশকতামূলক কাজে জড়িত নয়। কিন্তু আজ পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে, তাতে দেখা গেছে, তার তথ্য সঠিক নয়। তিনি যে শাক দিয়ে মাছ ঢাকতে চান এটা আমরা প্রমাণ করে দিচ্ছি।’
নাশকতায় আটক হওয়া বিএনপি-জামায়াতের নেতা-কর্মীর পরিসংখ্যান বিষয়ে তিনি জানান, নাশকতার আশঙ্কায় অবরোধের মধ্যে সারা দেশে ৭ হাজার ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ১৫৪ জন গ্রেফতার হয়েছে। এরমধ্যে বিএনপির ১২৫ জন, জামায়াত-শিবিরের ২৭ জন ও দুইজন অন্য দলের। ঢাকা রেঞ্জে বিএনপির ১৩৪ জন, জামায়াত-শিবিরের ১৮ জন, চট্টগ্রাম রেঞ্জে বিএনপির ১২০ জন, জামায়াত-শিবিরের ২৮ জন নেতা-কর্মী গ্রেফতার হয়েছে।
তিনি আরো জানান, রাজশাহী রেঞ্জে বিএনপির ৭৬ জন, জামায়াত-শিবিরের ৩৩ জন, রংপুর রেঞ্জে বিএনপির ৩৮ জন, জামায়াত-শিবিরের ৬০ জন, খুলনা রেঞ্জে বিএনপির ১১৭ জন, জামায়াত-শিবিরের ৩৫ জন, বরিশাল রেঞ্জে বিএনপির ২২ জন, জামায়াত-শিবিরের একজন এবং সিলেট রেঞ্জে বিএনপির ৩৫ জন, জামায়াত-শিবিরের ১৩ জন গ্রেফতার হয়েছে। এছাড়া, রেলওয়ে রেঞ্জে বিএনপির ৩ জন ও জামায়াত-শিবিরের ৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। হাইওয়েতে এখন পর্যন্ত গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
নাশকতার সঙ্গে সরাসরি জড়িত থাকা অবস্থায় স্পট ও এর আশপাশ থেকে এদের গ্রেফতার করা হয়েছে বলে জানান শিল্পমন্ত্রী।