সিসি নিউজ: নাশকতার আশংকাং দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১১ জনসহ ৩৪ জনকে আটক করেছে পুলিশ।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, নাশকতা করার জন্য পরিকল্পনা করে তারা। এ গোপন সংবাদের ভিত্তিতে নাশকতা ঠেকাতে পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তাদের ধরতে অভিযান চালায়। বৃহস্পতিবার গভীর রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি’র ২ জন ও জামায়াতের ৯ জনসহ ৩৪ জনকে আটক করা হয়।অভিযান অব্যাহত রয়েছে। কেউ নাশকতা বা বিশৃংখলার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে নাশকতা রোধে দেশের বৃহত্তম রেল জংশন দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে বিশেষ অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন গন্তব্যস্থল থেকে ছেড়ে আসা ট্রেন পার্বতীপুর রেল স্টেশনে এসে পৌঁছার পর ও ছেড়ে যাওয়ার পূর্ব মুহুর্তে এসব ট্রেনের যাত্রী ও তাদের লাগেজ তল্লাশি করছে রেল পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে চালানো হচ্ছে এ বিশেষ অভিযান। যাতে যাত্রী বেশে কেউ রেলপথে নাশকতা ঘটানোর সুযোগ নিতে না পারে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পার্বতীপুর রেল স্টেশন থেকে প্রতিদিন ঢাকা, খুলনা, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী ও রংপুরসহ ৪টি রুটে ৯টি আন্তঃনগর ট্রেনসহ কমপক্ষে ৩৮টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এসব ট্রেনের মধ্যে বেশ কয়েকটি দেশের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে চলাচল করায় নাশকতার আশংকা বেশি সে কারণে ট্রেনগুলোতে নজরদারী ও তল্লাশি বাড়ানো হয়েছে।
পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে যাত্রী বেশে কেউ নাশকতামূলক কর্মকান্ড যাতে ঘটাতে না পারে তার জন্য তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়াও সীমান্তবর্তী এলাকা থেকে কেউ যাতে কোন বিস্ফোরক কিংবা অবৈধ অস্ত্র ট্রেনে বহন করতে না পারে সে জন্য নেয়া হচ্ছে মেটাল ডিটেক্টরের সহায়তা।