সিসি নিউজ: ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার গুলশান কার্যালয় সূত্র জানায়, ঘটনার আকস্মিকতায় নিথর হয়ে পড়েছেন তিনি।
খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য সায়রুল কবির খান বলেন, প্রথমে ভাইয়ের স্ত্রী’র (কোকোর মামী) কাছে দুঃসংবাদটি শোনেন খালেদা। এরপর ম্যাডামের (খালেদা) কী অবস্থা– তাতো বুঝতেই পারছেন।
গুলশানের অপর সূত্র জানান, খবরটি পেয়ে প্রথমে খালেদা বুঝতে পারছিলেন না কিছু। পরে যখন নিশ্চিত হলেন যে, সন্তান হারিয়েছেন তিনি, মানসিক আঘাতে নিস্তব্ধ হয়ে পড়েন খালেদা।
বাংলাদেশের প্রথম ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদার শোক-বিহ্বল অবস্থা দেখে উপস্থিত অন্যরা সান্ত্বনা দেওয়ার কথাও যেন প্রথমে ভুলে গেলেন।
এদিকে সংবাদটি ছড়িয়ে গেলে মিডিয়াকর্মীদের ভিড় বাড়ে গুলশান কার্যালয়ের সামনে, যেখানে ৩ জানুয়ারি থেকেই রয়েছেন খালেদা। খালেদার অনুমতি নিয়ে প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল খবরের সত্যতা নিশ্চিত করেন।
খালেদার বড় ছেলে তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। কোকো’র প্রতি তারেকের স্নেহ ও যত্নের খবর সবাই কমবেশি জানেন। তাই এই খবরে তিনিও যে মানসিকভাবে বিপর্যস্ত হবেন- তা বলাই বাহুল্য।