সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর কাপড় মার্কেটে সৃষ্ট অগ্নিকান্ডে প্রায় ৫৪টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা করে আগুন আয়ত্বে আনে। আগুনে প্রায় ১৫ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার আনুমানিক রাত ২টার দিকে মাকের্টের জুবায়ের গার্মেন্টস থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে ওই আগুন মার্কেটের চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের প্রায় ৫৪টি কাপড়ের দোকান পুড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর, ডোমার, দিনাজপুর, নীলফামারী, পার্বতীপুর ও রংপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নগদ টাকা ও মালামালসহ প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
কোহিনুর ক্লথ স্টোরের মালিক শাহ আলম জানান, পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নগদ ২লাখ টাকাসহ প্রায় ৮০ লাখ টাকার কাপড় আগুনে পুড়ে গেছে।
এ ব্যাপারে সৈয়দপুর ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার ওয়াদুদ হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে আগুন নিয়ন্ত্রণ করতে আসা নীলফামারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরহাদ হোসেন প্রাথমিক ধারনা দিয়ে বলেন, বৈদ্যুতিক সট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।
সোমবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামূল হক ও রাতেই সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মো. মুসা জঙ্গী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।