নাটোর : নাটোরের মমিনপুরে নাটোরের ঘোষ ওয়েল মিলের ম্যানেজার কনক ঘোষকে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। এ সময় তার সঙ্গে থাকা মিল কর্মচারী শান্ত দেবনাথও আহত হন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নলডাঙ্গা উপজেলার মমিনপুর বাজারের অদূরে সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কনককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক ও ওই তেল মিলের অপর কর্মকর্তা আব্দুর রহিম জানান, শুক্রবার রাজশাহীর তাহেরপুর থেকে ম্যানেজার কনক ঘোষ ও মিল কর্মচারী শান্ত দেবনাথ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করে মোটরসাইকেলে করে নাটোর শহরে ফিরছিলেন। পথে মমিনপুরের সরদারপাড়া এলাকায় মোটরসাইকেলে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী তাদের পথরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে। এতে বাধা দিলে সন্ত্রাসীরা কনক ঘোষকে গুলি করে এবং শান্ত দেবনাথকে পিটিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী মাথায় আঘাতপ্রাপ্ত কনকসহ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে কনক ঘোষকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর শুনে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।