দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ২০ দলের ডাকা হরতাল-অবরোধ চলাকালীন কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ৫ জনকে আটক করেছে। বুধবার সকাল ৮টায় শহরের বালুয়াডাঙ্গা কাঞ্চর ব্রীজ মোড়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার এসআই বিশ্বনাথ দাশ গুপ্ত জানান, শহরের বালুয়াডাঙ্গা মোড়ে জামায়াত-শিবিরে নেতাকর্মীরা হামলা চালিয়ে ৫টি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে মো. তোফায়েল হোসেন (২৫) নামে এক শিবির কর্মীকে আটক করে। আটক তোফায়েল পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর উপজেলার মো. বেলায়েত হোসেনের ছেলে।
এদিকে, অজ্ঞাত দুর্বৃত্তরা গত মঙ্গলবার রাতে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেয়ার চেষ্টা চালায়। তবে পুলিশ আসার আগেই দৃর্বৃত্তরা পালিয়ে যায়।
কোতোয়ালি থানার ওসি একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়ি ভাঙচুরের অভিযোগে বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত মোট ৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১ জন শিবির কর্মী। বাকি ৪ জন বিভিন্ন মামলার আসামী।