লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় চায়ের দোকানের চুলা বিস্ফোরণে দগ্ধ দুই হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৯টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- হাতীবান্ধা গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে সুরুজ্জল হোসেন (৩৪) ও এইক এলাকার হেমন্ত বর্মণের ছেলে তপন কুমার বর্মণ (৩০)। উভয়ে দইখাওয়া বাজার এলাকার ‘পিপাসা’ হোটেলের কর্মচারী।
উপজেলার গোতামারী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের স্বজনরা ইতোমধ্যে লাশ আনার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পথে রওনা হয়েছে।
এলাকাবাসী ও নিহতদের পরিবার জানায়, ৩০ জানুয়ারি রাতে উপজেলার দইখাওয়া বাজারের পিপাসা হোটেলের কর্মচারী সুরুজ্জল ও তপন কুমার বর্মণ প্রতিদিনের ন্যায় কেরোসিনের চুলায় ময়দার পরোটা তৈরি করছিল। এ সময় হঠাৎ ওই চুলা বিস্ফোরণ ঘটলে মুহূর্তে সেই আগুনে সুরুজ্জল ও তপন ঝলছে যায়। দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাতীবান্ধা হাসপাতালে এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় উভয়ে মারা যান। ওই আগুনে স্থানীয় সাতটি দোকানও পুড়ে যায়।