সিসি নিউজ: গাইবান্ধার তুলসীঘাট এলাকায় নাপু এন্টারপ্রাইজের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় এক শিশুসহ ৬ জন নিহত ও কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নাপু এন্টারপ্রাইজের বাসটি গাইবান্ধার সুন্দরবন পাস্টির এলাকা থেকে ৭০জন যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার সময় সদর উপজেলার শাহপাড়া ইউনিয়নের তুলসীঘাট নামক স্থানে এলে বাসকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করলে ওই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শিশুসহ ৪ জন নিহত হয় এবং কমপক্ষে ৪০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পেট্রোল বোমায় দগ্ধ হয়ে চারজনের মারা যাওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আবু হানিফ। দগ্ধ হওয়া ১৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেক যাত্রীকে ২০ হাজার টাকা ক্ষতিপূরনের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।