সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে আনসার বাহিনীর সহায়তায় স্থানীয়রা আগুন নেভায়। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর ট্রেনটি।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের উপজেলার মোহনপুর ইউনিয়নের মণ্ডলজানি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশে টায়ার জ্বালিয়ে রেললাইনের কয়েকটি কাঠের স্লিপারে আগুন দেয়। পরে স্থানীয়দের সহায়তায় আনসার বাহিনীর সদস্যরা আগুন নেভায়। এসময় আনসারদের সাথে দুর্বৃত্তদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা সেখানে অবস্থান নেয়।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪/৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। পরে বিজিবির সদস্য সেখানে অবস্থান নেয়।
খবর পেয়ে উল্লাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার শামিম আহম্মেদ ও উল্লাপাড়ার থানার ওসি তাজুল হুদা ঘটনাস্থলে যান।
উল্লাপাড়ার স্টেশন মাস্টার খান মুনিরুজ্জামান জানান, এ ঘটনার সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার পূর্বদিকে উল্লাপাড়া স্টেশনে আটকে থাকে। পরে রাত পৌনে ৯টার দিকে ট্রেনটি ছেড়ে যায়।
তিনি জানান, গত ১৭ জানুয়ারি রাতে একই স্থানে রেললাইনের ব্রিজের নিকট স্লিপারে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। সেখানে কয়েকটি কাঠের স্লিপার থাকায় তারা বার বার আগুন দেওয়ার চেষ্টা করছে।
বিজিবি ১৪ উপ-অধিনায়ক ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলে সুবেদার সবুরের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সেখানে অবস্থান করছে।
তিনি জানান, পুরো লাইনের স্লিপারগুলো সিমেন্টের হলেও, ব্রিজের পশ্চিম দিকে কয়েকটি কাঠের স্লিপার রয়েছে।