বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনম কাপুরের সাজসজ্জার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গয়না। দৃষ্টিনন্দন রুচিশীল পোশাক ও গয়নাই সোনমের পছন্দের। আর সেগুলোতে তার রুপমাধুরী আলাদা মাত্রা পায়।
সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে নিজের বাংলো থেকে হীরার নেকলেস চুরির ঘটনার শিকার হয়েছেন সোনম। আরও বিপাকের বিষয় হচ্ছে, হীরার নেকলেসটি সোনমের নিজের ছিল না, অন্যের। হিরার ওই নেকলেস চুরি যাওয়ার বিষয়ে জুহু থানায় সোনম অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সোনমের অভিযোগ অনুসারে, বান্দ্রায় একটি পার্টিতে অন্যান্য গয়নার সঙ্গে ওই নেকলেস পরে গিয়েছিলেন তিনি। রাত ২ টায় ফিরে এসে নিজের রুমের ড্রয়ারে নেকলেসটি রেখেছিলেন। কিন্তু পরদিন সকালে লক্ষ্য করেন, বহু মূল্যের ওই নেকলেসটি খোয়া গিয়েছে।
এনডোর্সমেন্টের জন্য সোনমকে ছয় বাক্স গয়না দিয়েছিল একটি নামী গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান। পার্টিতে তিনি গয়নাগুলো পরে গিয়েছিলেন। পরের দিন গয়নাপ্রস্তুতকারী সংস্থার প্রতিনিধি গয়নাগুলো নিতে এলে হীরার নেকলেসটি চুরি গিয়েছে বলে টের পান অভিনেত্রী।
পুলিশ জানিয়েছে, তারা সব অ্যাঙ্গেল থেকেই ঘটনাটির তদন্ত করছেন। এমনকি যে পার্টিতে সোনম গিয়েছিলেন, সেখানে কোনোক্রমে হীরার নেকলেসটি ড্রপ হয়ে গিয়েছিল কিনা, পার্টির সিসিটিভি ফুটেজ থেকে তাও খতিয়ে দেখা হচ্ছে।