আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি টায়ারের দোকানে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ১০ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই চট্টগ্রামের রাউজানের বাসিন্দা বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৩টা ১৬ মিনিটে দিকে মুসাফা শিল্পাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৭ জন বাংলাদেশি বলে জানা গেছে। মৃতদেহগুলো উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আবুধাবিতে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তা আমানুল্লাহ হাসপাতাল গিয়ে মৃতদেহগুলো দেখেছেন। কিন্তু সেগুলো এতোটাই দগ্ধ যে শনাক্ত করা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরে পরিচয় শনাক্ত করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় বেশিরভাগ বাংলাদেশিদের বসবাস। এক এক কক্ষে ৫ থেকে ১০ জন করে থাকেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।