বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন, যারা অবরোধে গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে মানুষ পুড়িয়ে মারার মামলার আসামি ছিলেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
নিহতরা হলেন, উপজেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক টিপু হাওলাদার ও যুবদলকর্মী কবির মোল্লা (৩২)।
আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, শনিবার ভোর ৫টার দিকে উপজেলার গুদার নামক স্থানে আগৈলঝাড়া-গোপালগঞ্জ বাইপাস সড়কে ‘গোলাগুলির’ ওই ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে পাঁচটি পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে ওসি জানিয়েছেন। আহত এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই মো. রাজুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বরিশালের পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ বলেন, “বোমাবাজ কবির ও টিপুকে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে আটক করা হয়।
“জিজ্ঞাসাবাদে তারা আগৈলঝাড়ার জোবারপাড় এলাকায় তাদের সহযোগীদের কাছে পেট্রোল বোমা থাকার কথা জানালে ভোর রাত ৪টার দিকে তাদের নিয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।
“গুদার এলাকায় পৌঁছালে কবির-টিপুর সহযোগীরা পুলিশের দিকে পেট্রোল বোমা ও গুলি ছুড়লে আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। এসময় পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে কবির মোল্লা ও টিপু হাওলাদার মারা যান।”
ওসি এহসান বলেন, নিহতদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একাধিক মামলা রয়েছে। সেগুলোর মধ্যে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ ও গৌরনদীর মাহিলাড়ায় ট্রাকে পেট্রোল বোমা মেরে তিনজনকে পুড়িয়ে হত্যার মামলা রয়েছে।