রংপুর: ২০ দলের টানা অবরোধের ৪৭ তম এবং চতুর্থদফা হরতালের প্রথম দিনে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ইসলামী ছাত্রশিবির। হয়েছে একাধিক ককটেল বিস্ফোরণ। এছাড়াও বিভিন্ন স্থান থেকে পুলিশ ১০ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোড এলাকায় যুবদলের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এ সময় কয়েকটি ককটেলও ফাটায় তারা। অন্যদিকে সকালে নগরীর দর্শনা এলাকায় মহাসড়ক অবরোধ করে ঝটিকা মিছিল করেছে মহানগর ইসলামী ছাত্রশিবির নেতাকর্মীরা। মহানগর অর্থ সম্পাদক রাইসুল ইসলাম রাহাতের নেতৃত্বে মিছিল শেষে ছটিকা সমাবেশ অনুষ্ঠিত হয়।
রংপুর পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর ফরহাদ হোসেন জানান, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ দুই বিএনপি এবং আট জামায়াত শিবির কর্মীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে কোতয়ালীতে বিএনপির দুই ও জামায়াতের তিন, মিঠাপুকুরে জামায়াতের এক, পীরগঞ্জে জামায়াতের তিন এবং কাউনিয়ায় জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, মহানগরীসহ পুরো জেলায় আইনশৃঙ্খলাবাহিনীর কড়া নজরদারি রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।