পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র সোহাগ (১৪) হত্যা মামলার ঘটনায় পুলিশ তার দুই সহপাঠিকে আটক করেছে। বুধবার পুলিশ মাদ্রাসা থেকে তাদেরকে আটক করে জেল হাজতে পাঠায়। আটককৃতরা হলো নীলফামারী জেলার ডোমার উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেনর পুত্র শাহজাহান আলী (১৬) ও একই গ্রামের রফিকুল ইসলামের পুত্র মশিউর রহমান (১৭)।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহমুদুল আলম জানান, কিছুদিন আগে মোবাইল ফোন নিয়ে নিহত সোহাগের সাথে তাদের ঝগড়াকে কেন্দ্র করে সহপাঠিদের হাতে খুন হয়। পুলিশ জানায়, বুধবার সকালে মাদ্রাসার দুই ছাত্র শাহজাহান ও মশিউর মাদ্রাসা থেকে পালাতে গেলে গ্রামবাসীদের সন্দেহ হয় এবং পুলিশকে অবগত করলে তাদেরকে আটক করা হয়।
গত সোমবার রাতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসা থেকে আরো দুই সহপাঠি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার লক্ষ্মনপুর চড়কপাড়ার আইয়ুব আলীর পুত্র ওমর ফারুক (১৭) ও বিমানবন্দর পশ্চিমপাড়ার মৃত ময়েন উদ্দিনের পুত্র মোস্তাফিজুর রহমান (১৬) আটক করে। বুধবার পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের পর সকাল ১১টায় তাদেরকে ছেড়ে দেয়।
উল্লেখ্য, গত রোববার সকালে পার্বতীপুুরের সুন্দরপীর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সোহানুর রহমান সোহাগ (১৬) এর লাশ মাদ্রাসার পিছনের শুকনো ডোবা থেকে পুলিশ উদ্ধার ও ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যে এমদাদুল হক রিমন নামে মাদ্র্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়।