রংপুর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, বর্তমান সরকার নারী শিক্ষা উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, সরকার শিক্ষার প্রতি বেশি জোর দিয়েছে এবং আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে প্রয়োজনীয় সব কিছুই করবে। শিক্ষার সুন্দর পরিবেশ গড়ে তুলতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমি ভবন তৈরির মাধ্যমে শিক্ষা কার্যক্রম প্রসারিত করা হচ্ছে।
প্রতিমন্ত্রী শুক্রবার রংপুর নগরীতে পৃথক দু’টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএম ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজ প্রশাসনিক ভবন ও রবাটসনগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের নবনির্মিত দ্বীতল একাডেমিক ভবন উদ্বোধনকালে একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত কুমার সিকদার, রংপুর প্রেসক্লাবের সভাপতি এ কে এম ফজলুল হক, জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ মো. মোফাজ্জল হোসেন মাস্টার, জাপা নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, অ্যাডভোকেট সালাউদ্দিন কাদেরী, বিএম ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবিব, রবাটসনগঞ্জ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল বাকি, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী ফজলার রহমানসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারী শিক্ষা উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ডিগ্রী পর্যন্ত ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।
এর আগে প্রতিমন্ত্রী জেলার তারাগঞ্জ উপজেলার প্রায় একশত আট কোটি টাকা ব্যয়ে পল্লী উন্নয়ন একাডেমী ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত ও রংপুর নগরীর জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন ১৮ তলা বিশিষ্ট সিটি সেন্টার মার্কেট পরিদর্শন করেন।
পরে তিনি নগরীর বৃহত্তর বাণিজ্যিক এলাকা নবাবগঞ্জ ব্যবসায়ী সমিতির অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেন। তিনি এ সময় ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন।