গাজীপুর : হরতাল-অবরোধ প্রসঙ্গে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হরতাল-অবরোধ যারা ডেকেছেন তারা নিজেরাই হরতাল-অবরোধ মানছেন না। জনগণ কী করে মানবে?
শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চার লেন উন্নীতকরণ প্রকল্পের আওতাধীন মাওনা ওভারব্রিজ নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আরেকটা বিষয় হচ্ছে যারা হরতাল ডাকেন- আমার অবাক লাগে, তাদের সব প্রতিষ্ঠান খোলা। তারা ব্যক্তিগত গাড়িতে করে এখানে-ওখানে যাচ্ছেন। তাদের ব্যক্তিগত গাড়ি চলছে, তাদের মালিকানাধীন যেসব গাড়ি দূরপাল্লায় এবং ঢাকা সিটিতে যাতায়াত করে সেগুলো কিন্তু অবাধে চলছে।
মন্ত্রী বলেন, এখন যে প্রবণতাটা চলছে- পেট্রোল বোমা মেরে বিদেশে দেশের ভাবমূর্তিকেই দগ্ধ করা হচ্ছে। ইকোনমিক (অর্থনৈতিক) ক্ষতিটা বোঝা যায়, পরিমাপ করা যায়। কিন্তু শিক্ষাব্যবস্থার ওপর পেট্রোল বোমা মেরে যে ক্ষতিটা করা হচ্ছে এটা তো বাংলাদেশের ভবিষ্যৎকে আক্রমণ করা হচ্ছে। বাংলাদেশের ভবিষ্যতের ওপর পেট্রোল বোমা মারা হচ্ছে। এটা আত্মঘাতী সর্বনাশা রাজনীতি। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
এ সময় অন্যদের মধ্যে প্রকল্পের পরিচালক মো. হাফিজুর রহমান, সড়ক ও জনপথের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব আহমেদ খান, ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবুদ্দি খান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মেজর তামিম, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, উপবিভাগীয় প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন, মাওনা হাইওয়ে থানার ওসি সানোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, আগামী জুন মাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফোর লেনের কাজ শেষ হবে। মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার এপ্রিলের প্রথম সপ্তাহে যানবাহন চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হবে।