আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাইডুগুরিতে একাধিক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। ধারণা করা হচ্ছে এগুলো ছিল আত্মঘাতী হামলা। মাইদুগুরির দুটি ব্যস্ত বাজারে এবং একটি বাস টার্মিনালে অন্তত পাঁচটি বিস্ফোরণ ঘটে। বিবিসির সংবাদদাতা বলছেন, এসব আক্রমণকে ইসলামপন্থী জঙ্গি গ্রুপ বোকো হারামের কাজ বলে মনে করার মতো সব চিহ্নই দেখা যাচ্ছে। বোকো হারামের যাত্রা শুরু হয়েছিল এই শহর থেকেই। তারা যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তার রাজধানীও হবার সম্ভাবনা মাইদুগুরিতেই। নাইজেরিয়ার সরকার বলছে, তাদের অভিযানের মুখে বোকো হারাম এখন যে চাপের মুখে রয়েছে তার বিরুদ্ধে পাল্টা আঘাত হানার চেষ্টা করছে এই গোষ্ঠী। সংবাদপত্র বলছে, আত্মঘাতী হামলাকারী ছিল দুজন এবং দুজনই মহিলা। আরেকটি বিস্ফোরণ ঘটে একটি বাস টার্মিনালে। প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণস্থলের ধ্বংসযজ্ঞ এবং রক্তাক্ত দৃশ্যের ভয়াবহ বর্ণনা দিয়ে বলেছেন, সেখানে নারী পুরুষ ও শিশুদের রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। নাইজেরিয়াতে আর মাত্র তিন সপ্তাহ পরই নির্বাচন। প্রেসিডেন্ট গুডলাক জোনাথন বলেছেন, এই সময়ের মধ্যেই দেশকে নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরাপদ করে তোলা হবে। কিন্তু এই বিস্ফোরণের পর সংশয় দেখা দিয়েছে সত্যি তা সম্ভব হবে কিনা। সুত্র: বিবিসি