খেলাধুলা ডেস্ক: ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আর তাতে পুরো বাংলাদেশের আনন্দে ভাসছে। তবে সোমবার পুল ‘এ’-এর ম্যাচের পরপরই স্লো ওভার রেটের দায়ে মাশরাফি ও বাংলাদেশ দলকে জরিমানা করে আইসিসি। ম্যাচ শেষ হওয়ার পরপরই তা দিয়ে দেন মাশরাফিরা।
শ্বাসরুদ্ধকর এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করায় মাশরাফিকে ম্যাচ ফির ৪০ শতাংশ এবং তার সতীর্থদের ২০ শতাংশ জরিমানা করে আইসিসি।
আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিমানার কথা জানানো হয়। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগাল খেলা শেষে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করায় আইসিসির ২.৫.১ ধারায় এ শাস্তি দেন।
তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের হাসতে হাসতে মাশরাফি বলেন, ‘আপনারা হয়তো জানেন না, আমি এর মধ্যে ৪০ শতাংশ আর পুরো দল ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা দিয়েছি।’