সিসি নিউজ: ২০ দলীয় জোটের বর্ধিত ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে নীলফামারীর ডোমারে প্রচার মিছিল করার সময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমনসহ (৩২) যুবদল ও ছাত্রদলের ৪ জন কর্মীকে আটক করেছে পুলিশ।
সুমন পশ্চিম চিকনমাটি গ্রামের মো. আমিনার রহমানের ছেলে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার নাইট কোচ সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো যুবদল নেতা ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হারুন অর রশিদ (৩২), সাহাপাড়া গ্রামের মো. আনজারুল ইসলামের ছেলে ছাত্রদল নেতা মো. পারভেজ ইসলাম (২২), চিকনমাটি সবুজপাড়ার আতিয়ার রহমানের ছেলে ছাত্রদল নেতা রতন আলী (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বাটার মোড় থেকে বিএনপির মিছিল শুরু হয়ে নাইটকোচ এলাকায় পৌঁছালে পুলিশ মিছিল থেকে ৪ জন নেতা-কর্মীকে আটক করে।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, সন্ধ্যায় বিএনপির মিছিল থেকে তাদের আটক করা হয়। রোববার সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে।