সিসি নিউজ: নীলফামারীতে চাকরীজীবী এক নারীকে উত্যক্ত করার অপরাধে এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত বখাটে হলো কাজী জনি হক (৩০)। সে জেলার সদর উপজেলার পাঁচমাথা কানিয়াল খাতা গ্রামের কাজী আরেফিনুল হকের ছেলে। শনিবার রাতে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবেত আলী এ দণ্ডাদেশ প্রদান করেন। জানা যায়, দীর্ঘদিন ধরে ফোনে চাকরিজীবী ওই নারীকে নানাভাবে উত্ত্যক্ত করতো জনি। শনিবার রাতে আবারো এ ঘটনা ঘটলে তাকে আটক করে পুলিশ। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে এ সাজা দেন। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে জানান, জনিকে রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।