দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পৌর বিএনপি আজ বেঈমানমুক্ত হলো বলে জানিয়েছেন পৌর বিএনপির সহ-সভাপতি শহীদুল হক সেন্টু। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় দিনাজপুর পৌর বিএনপির সহ-সভাপতি শহীদুল হক সেন্টু স্বাক্ষরিত সংবাদপত্রে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, “দিনাজপুর পৌর বিএনপি’র ১২টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, সৈয়দ জাকির হোসেন বাবু সরকার দলীয় এজেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে দিনাজপুর বিএনপি’র অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। এরই প্রেক্ষিতে গত ১৭ মার্চ দিনাজপুর পৌর বিএনপি এক জরুরী সভায় তার প্রতি অনাস্থা আনয়ন করে জেলা বিএনপি বরাবরে অভিযোগ দায়ের করে। এই অনাস্থার খবরটি সে অনুধাবন করতে পেরে গত ২৪-০৩-২০১৫ইং তারিখে কিছু স্থানীয় পত্রিকায় জাকির হোসেন বাবু তাঁর নিজের পদত্যাগ সংবাদটি পত্রিকায় প্রেরণ করেন।”
ওই বিবৃতিতে আরো বলা হয়, “জনাব বাবু কোনদিনও বিএনপি’র আদর্শের কর্মী ছিলেন না। বরং সে দীর্ঘদিন থেকে সরকারী এজেন্ট হয়ে কাজ করছিল। তাঁর এই পদত্যাগই দিনাজপুর পৌর বিএনপি আজ বেঈমান ও বিশ্বাসঘাতক মুক্ত হল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সাথে বেঈমানদের কোন সম্পর্ক নাই। ফ্রিডম পার্টির এক সময়ের জেলা কো-অর্ডিনেটর জনাব বাবু’র প্রকাশিত বক্তব্যই প্রমাণ করে সে আওয়ামীলীগের মধ্যে ঘাপটি মেরে থাকা শেখ মুজিব হত্যাকারীদের দলে যোগ দেওয়ার পূর্ব পরিকল্পনা বাস্তবায়ন করেছে মাত্র।”