খেলাধুলা ডেস্ক: ঘোষণাটা হঠাত করেই দিয়েছেন। মেলবোর্নে বিশ্বকাপের ফাইনাল ম্যাচই মাইকেল ক্লার্কের শেষ ওয়ানডে ম্যাচ। যাতে দলের মধ্যে বেশ আবেগী পরিবেশ সৃষ্টি করছে। তবে অসি কাপ্তান মনে করছেন, আবেগ নয়, সবার চোখ থাকুক শিরোপার দিকে।
রোববার সকাল ৯টা ৩০ মিনিটে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শিরোপা লড়াইয়ে মাঠে অবতীর্ণ হবে অস্ট্রেলিয়া। তার আগে মাইকেল ক্লার্ক বলেছেন, ‘কোনো সন্দেহ নেই যে, এটা বিশেষ এক ম্যাচ। আবেগ নয়, দক্ষতাই আপনাকে বড় খেলা এবং বড় টুর্নামেন্ট জেতাবে। আর আগামীকাল (রোববার) এর ব্যতিক্রম হবে না।’
বিদায়ী ম্যাচে ভালো করার বাসনা মনের কোণেই লুকিয়ে রাখলেন তিনি। দেশের মাটিতে ফাইনাল ম্যাচ। সতীর্থদের তাই উজার করে দিতেই বললেন তিনি। ‘ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল। সবার উচিত এদিনটাকে স্মরণীয় করে রাখা’।