খেলাধুলা ডেস্ক : দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে বিশ্বকাপের ফাইনালে এসেছিল নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ এরপর নকআউট পর্বের দুটি। মোট আটটি ম্যাচ জয়ের পর ২৯ মার্চ রোববার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে সুবিধা করতে পারেননি কিউইরা। মাত্র ১৮৩ রানে অলআউট হয়ে যান তারা। এই রান তাড়া করতে নেমে মাত্র ৩৩.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। জিতে নেয় পঞ্চমবারের মতো বিশ্বকাপের শিরোপা। ম্যাচ শেষে নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছেন, হারলেও অনুতপ্ত নন তিনি। কারণ, এই বিশ্বকাপে তারা যা অর্জন করেছেন, সেটা গর্ব করার মতো!
কিউই অধিনায়ক বলেন, ‘আমরা শিরোপা জিততে পারিনি। সে কারণে আমরা অনুতপ্ত নই। আমরা বিশ্বকাপে দারুণ ক্রিকেট খেলেছি এবং মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। এটা আমাদের জীবনের সবচেয়ে সেরা স্মরণীয় মুহূর্ত। যেভাবে আমরা ক্রিকেট খেলার চেষ্টা করেছি সেটাও মনে রাখার মতো। আমি এখনো মনে করি এই টুর্নামেন্টে আমরা যা অর্জন করেছি সেটা নিয়ে গর্ব করা যায়।’
তিনি আরো বলেন, ‘এটা আসলে জাহান্নাম থেকে উঠে আসার মতো একটি যাত্রা। যেটা আমরা পেরেছি সঠিক ও অসাধারণ ক্রিকেট খেলার মাধ্যমে। অসাধারণ একটি দল হিসেবেই আমরা অস্ট্রেলিয়ায় এসেছিলাম। কিন্তু অস্ট্রেলিয়াও তাদের সেরা ক্রিকেটটা খেলেছে। মাইকেল ক্লার্ক অসাধারণ একটি সময়ে অবসর নিয়েছে। তারা আসলে বিশ্বকাপ জয়ের যোগ্য ছিল। ফাইনালে আমাদের শুরুটা খুবই বাজে হয়েছে। কিন্তু ৩ উইকেট হারিয়ে ১৫০ রান তোলার পর আমি মনে করেছিলাম আমরা ঘুরে দাঁড়াতে যাচ্ছি। কিন্তু এরপর বাকি উইকেটগুলোও হারিয়েছি আমরা। ১৮৩ রান নিয়ে শিরোপা জয়ের আশা করাটা বাড়াবাড়ি। একজন ক্রিকেটার হিসেবে বলতে পারি আমাদের সুযোগ ছিল। কিন্তু সেটা আমরা কাজে লাগাতে পারিনি। এই বিশ্বকাপ অনেকদিন মনে থাকবে।’