সিসি নিউজ: নীলফামারীর কিশোরগঞ্জে ভ্রাম্যমান আদালতের হাতে আটক হয়েছে এক ভুয়া নিকাহ রেজিষ্টার (কাজী)। ইকবাল হোসেন(৪৫) নামের আটক ওই কাজী সৈয়দপুর উপজেলার খাতামধুপুর গ্রামের আবুল কাশেমের পুত্র। এ ঘটনায় সোমবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক জেলার কিশোরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান ওই ভুয়া কাজীকে এক মাসের বিনাসশ্র কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে।
জানা যায়, কিশোরীগঞ্জ উপজেলার বাল্য বিয়ে বন্ধ সহ ভুয়া কাজী আটক করার সিদ্ধান্ত রয়েছে। ফলে উপজেলার সকল নিকাহ রেজিষ্টারগন সাবধানতা অবলম্বন করে। এ অবস্থায় বেশ কিছু দিন ধরে পাশ্ববর্তী সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর গ্রামের ইকবাল হোসেন গোপনে কিশোরীগঞ্জ উপজেলায় এসে বাল্য বিয়ে সম্পাদন করে আসছিল। সোমবার দুপুরে ওই কাজী পুনরায় গোপনে কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বাড়ী মধুপুর গ্রামের তপু মিয়ার মেয়ের বিয়ে সম্পন্ন করতে আসে। বিষয়টি জানতে পেরে সোমবার বেলা তিনটার দিকে ভ্রাম্যমান আদালত সহ পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভুয়া কাজী হিসাবে স্বীকার করে। ফলে ভ্রাম্যমান আদালত তাকে উক্ত সাজা প্রদান করেন।
কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভুয়া কাজীতে জেলা কারাগারে পাঠানো হয়েছে।