ঢাকা: মাগুরায় বালুর ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ চালকের মৃত্যু হয়েছে। তার নাম ইমরান মোল্লা (৩০)।বুধবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ২১ মার্চ রাত ৮টার দিকে মাগুরা সদর উপজেলার মঘীরঢাল এলাকায় দুর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রোল বোমা ছুড়লে চালকসহ ৯ শ্রমিক দগ্ধ হন। এ ঘটনায় এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হল।
নিহত ট্রাকচালক ইমরান মোল্লার বাবার নাম শিরু মোল্লা। গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার রাজঘাড় গ্রাম।
ইমরানের শ্বাসনালীসহ শরীরের ৫০ শতাংশ আগুনে পুড়ে যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন।