চিরিরবন্দর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে কাকঁড়া নদীর ওপর নির্মিত রাবার ড্যামে সাঁতার কাটতে গিয়ে জাহিদ হাসান (১৮) নামে এক কলেজছাত্র পানিতে ডুবে মারা গেছে । নিহত জাহিদ নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার হাতিরখানা এলাকার শাহ আলমের ছেলে। সে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ।
মঙ্গলবার বিকেলে তিন বন্ধু মিলে চিরিরবন্দরের কুতুবডাঙ্গা গ্রামে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিল জাহিদ। পরে তারা কাকঁড়া নদীর রাবার ড্যাম এলাকায় ঘুরতে যায়। একপর্যায়ে তিন বন্ধু নদীতে গোসল করতে নেমে পড়ে। তিনজনের মধ্যে দুজন ডাঙ্গায় উঠলেও জাহিদ নদীতে ডুবে যায়। বন্ধুদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসেন। অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন স্থানীয়রা। সন্ধ্যার দিকে কাকঁড়া নদীর প্রায় আধা কিলোমিটার দূরে লাশ ভেসে উঠে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চিরিরবন্দর থানার ওসি মো. আনিছুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে লাশ হস্তান্তর করা হয়েছে।