সিসি নিউজ: দিনাজপুরের সদর উপজেলার বটতলী নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য মারা গেছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম সফিকুল ইসলাম (৪০)। তিনি বিজিবি দিনাজপুর সেক্টরের সিগনাল ম্যান ছিলেন। বিজিবি সূত্র জানান, সকাল ১০টার দিকে সফিকুল ইসলাম ডিউটি শেষ করে সাইকেলযোগে দশমাইল এলাকার দিকে যাচ্ছিলেন। বটতলী নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। এরপর তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান সফিকুল। বিজিবি দিনাজপুর সেক্টরের জি-টু মেজর এএসএম রবিউল হাসান জানান, সফিকুল ল্যান্স নায়েক পদমর্যাদায় কর্মরত ছিলেন। তিনি বিরল উপজেলা শহরের আসমত আলীর ছেলে। দিনাজপুর শহরের দক্ষিণ বালুয়াডাঙ্গা এলাকার ভাড়া বাড়িতে থাকতেন।