সিসি নিউজ: বিদ্যুৎ বিভাগের অবহেলায় প্রাণ গেল শহিদুল ইসলাম (৩০) নামে এক নববিবাহিত বিদ্যুৎকর্মীর।
বৃহস্পতিবার দুপর দেড়টার দিকে বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায় ১১ হাজার কেভি ভোল্টের লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। এ ঘটনায় ওই সাবস্টেশনের উপ-সহকারী প্রকৌশলী মুশফিকুল আনোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নিহত শহিদুল ইসলাম শহরের ফুলবাড়ী এলাকার বাসিন্দা। তিনি বগুড়া বিদ্যুৎ বিভাগে লাইন সাহায্যকারী হিসেবে কর্মরত ছিলেন।
বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতের জন্য বৃহস্পতিবার দুপুরে উপ-সহকারী প্রকৌশলী মুশফিকুল আনোয়ার লাইন সাহায্যকরী শহিদুল ইসলাম ও অপর এক কর্মকর্তা সাবস্টেশনে যান। পরে শহিদুল ইসলামকে ১১ হাজার কেভি ভোল্টের লাইন মেরমতের পিলারের উপরে তুলে দেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শহীদুল।
তার দায়িত্ব ছিল মই আনা নেয়া এবং কর্মকর্তাদের সাহায্য করা। টেনিক্যাল ধারণা না থাকা সত্বেও তাকে ১১ হাজার ভোল্টের লাইনে তুলে দেয়ায় তার মৃত্যু হয়। শহিদুল সম্প্রতি চাকরি পেয়েছেন এবং এক সপ্তাহ পূর্বে বিয়ে করেছিলেন।
বগুড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, দায়িত্ব অবহেলার কারণে উপ-সহকারী প্রকৌশলী মুশফিকুল আনোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।