ঢাকা: পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে টিএসসির সামনে যৌন হয়রানির ঘটনায় নারী জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছে বিএনপি। একই সঙ্গে ক্ষমতাসীনরা ধর্ষক ও নিপীড়কদের বিরুদ্ধে অব্স্থান গ্রহণ করলে বিএনপির পক্ষ থেকে সমর্থন দেয়া হবে বলে জানিয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
শনিবার বিকেল সোয়া ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিপন বলেন, ‘ধর্ষক ও নিপীড়কদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এজন্য সরকারকে যতোটা কঠোর হতে হয় ততোটাই কঠোর হতে হবে। সরকার এ পদক্ষেপ গ্রহণ করলে বিএনপি তাতে পূর্ণ সমর্থন দেবে।’
তিনি বলেন, ‘বাংলা নববর্ষের দিন দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় বেশ কিছু নারীর শ্লীলতা হানি হয়েছে। এই ঘটনা জাতি হিসেবে আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়।’
এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে দেশের সমস্ত নারী জাতির কাছে ক্ষমা চান ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, ‘সরকার কোনো কিছুতে জবাবদিহিতার প্রয়োজন বোধ করেনা। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে চায়। তাই এ ধরনের ঘটনা প্রতিনিয়িত বৃদ্ধি পাচ্ছে।’
এসময় তার সঙ্গে বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, শাহীনুর রহমান শাহীন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান তোফাসহ বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন।