ঢাকা: বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনা তদন্তে দুটি কমিটি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শনিবার বেলা সোয়া একটার দিকে ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) এই যুগ্ম কমিশনার বলেন, নারী লাঞ্ছনার বিষয়টি তদন্ত করবে একটি কমিটি। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ ইব্রাহিম ফাতেমীকে কমিটির সভাপতি করা হয়েছে। অন্য দুজন হলেন ডিএমপির যুগ্ম কমিশনার কমিশনার (লজিস্টিক্স, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান ও ডিবির উপকমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে জানিয়ে মনিরুল ইসলাম বলেন, তদন্তে সহায়তা জন্য রমনা জোনের পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও সহকারী কমিশনারকে সদস্য করে অন্য একটি কমিটি করা হয়েছে। এই কমিটি ঘটনার সময় পুলিশের ভূমিকা ও দায়দায়িত্ব খতিয়ে দেখবে।
।