সিসি নিউজ: তিস্তা নদীর ভাঙ্গনে জমি জিরাত হারানো ৫০ পরিবারের জন্য তৈরী করা গুচ্ছগ্রামের মাধ্যমে একটি করে ঘর প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের তিস্তা নদীর পাড় মৌজা পূর্বছাতনাইয়ে ওই সব পরিবার কে ঘর দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী ১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান ও বেসরকারি সংস্থা ইউএসডিও-র প্রোগ্রাম কো-অডিনেটর জামিনি কুমার রায়। ইউএসডিও-র প্রোগ্রাম জেলা কো-অডিনেটর আবু বক্কর সিদ্দিক জানান তিস্তাপাড়ের ঘরবাড়ি নিঃস্ব ৫০ পরিবারের জন্য বাংলাদেশ সরকারের তত্বাবধানে এবং সিডিএমপির অর্থায়নে ১ কোটি আট লাখ টাকা ব্যয়ে গুচ্ছ গ্রামটি বাস্তবায়ন করে ইউএসডিও। এই গুচ্ছ গ্রামে ৫০টি ঘরের পাশাপাশি ১০৫টি স্যানিটেশন ল্যাট্রিন ও ১৫টি নলকুপ স্থাপন করা হয়েছে। যা শনিবার আনুষ্ঠানিকভাবে তিস্তা নদীর ভাঙ্গনে নিঃস্ব ৫০ পরিবারের মাথা গোছানোর ঠাই করে দেয়া হলো।