জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার প্রথম দিন শনিবার ডিগ্রী কলেজ কেন্দ্রে ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষায় বাইরে থেকে উত্তরপত্র লিখে আনার অভিযোগে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় বহিষ্কৃত ৩ পরীক্ষার্থীসহ এক কলেজ পিয়নের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় পাবলিক পরীক্ষা (অপরাধ দমন) আইনে মামলা দায়ের হয়েছে। আসামীরা হলেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের পিয়ন উপজেলা সদরের চন্দ্রখানা কলেজটারী গ্রামের মৃত ফাকাতু মামুদের ছেলে আব্দুস সোবহান(৩৫), পরীক্ষার্থীদের মধ্যে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের জাবেদ আলীর ছেলে ইলিয়াছ হোসেন (২০), ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামের ইসলাম হকের ছেলে শরীফুল আলম (২১) এবং কাশিপুর ইউনিয়নের অজোয়াটারী গ্রামের সিরাজুল হকের মেয়ে খাদিজা শারমিন রানাসহ (২১) অজ্ঞাতনামা কয়েকজন। জানা গেছে, ফুলবাড়ী ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রের ৫ নং কক্ষে কাশিপুর ডিগ্রী কলেজের তৃতীয় বর্ষের ৩ পরীক্ষার্থী ইলিয়াছ হোসেন (রোল নং-৩১৮৯৫৩০), শরীফুল আলম (রোল নং- ৩১৮৯৫৩২) এবং খাদিজা শারমিন রানা (রোল নং- ৩১৮৯৫৩৮) ফুলবাড়ী ডিগ্রী কলেজের পিয়ন অব্দুস সোবহানসহ অজ্ঞাতনামা কয়েকজনের সহায়তায় পরীক্ষা শেষ হবার কয়েক মিনিট আগে বাইরে থেকে লিখে আনা ওই ৩ পরীক্ষার্থীর তিনটি উত্তরপত্রে কক্ষ পরিদর্শক জয়ন্তী রনীর কাছে জোড়পূর্বক স্বাক্ষর করিয়ে নিয়ে জমা দেয়। এরপর পরীক্ষার্থীরা পরীক্ষার হল থেকে তাদের নির্ধারিত তিনটি উত্তরপত্র নিয়ে সটকে পড়ে। বিষয়টির সত্যতা জানতে পেরে ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আমিনুর রহমান তাৎক্ষনিকভাবে ওই ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। পরবর্তীতে এ ঘটনা অবগত হয়ে পরীক্ষা কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনি পদক্ষেপ নেয়ার নির্দেশ দিলে ওইদিন রাতে কেন্দ্র সচিব বাদী হয়ে ফুলবাড়ী থানায় পাবলিক পরীক্ষা (অপরাধ দমন) আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং- ১২।