ঢাকা: বিএনপির অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার নেতা ও অভিনেতা হেলাল খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা জজ। রোববার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজের বিচারক কামরুল হোসেন মোল্লা জামিনের আবেদন নামঞ্জুর করেন। এর আগে, হেলাল খানের আইনজীবীরা ঢাকা সিএমএম আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর নিয়ম অনুযায়ী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। ২ ফেব্রুয়ারি দায়ের করা মামলায় হেলাল খানকে গ্রেপ্তার দেখিয়ে মামলার সুষ্ঠু তদন্তের জন্য বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জায়েদ মো. নাজমুল নূর তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে, পুরান ঢাকার জনসন রোড থেকে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে হেলাল খানকে আটক করে গোয়েন্দা পুলিশ।