ঢাকা: সিটি করপোরেশসন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতরা পরাজিত হলে দলটিতে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছেন ঢাকা দক্ষিণ থেকে আওয়ামী লীগের সমর্থন পাওয়া মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন। একইসঙ্গে তিনি এ-ও বলছেন, ‘এ নির্বাচন মধ্যবর্তী নির্বাচনের গুরুত্ব বহন করে।’
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামীপন্থি বুদ্ধিজীবী, চিকিৎসক, সাংবাদিক ও সাহিত্যিকদের সঙ্গে সহস্র নাগরিক কমিটির সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন হলেও মধ্যবর্তী নির্বাচনের গুরুত্ব বহন করে। এ নির্বাচন ১৯৭১ সালের পরাজিত শক্তির সঙ্গে স্বাধীনতাপক্ষের শক্তির। এ নির্বাচনে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনে কোনো রকম বিচ্যুতি ঘটলে আমাদের জন্য ভয়াবহ বিপর্যয়।’
তিনি বলেন, ‘কয়েকদিন আগে বিএনপি জামায়াতের তাণ্ডবে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। শিশুকে হত্যা করা হয়েছে। নিরাপদ মানুষকে খুন করা হয়েছে। সেই ঢাকায় তাদের দলের প্রার্থীরা বিজয়ী হলে এর ধারাবাহিকতা বজায় থাকবে।’
নিজের জন্য ভোট চেয়ে সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাবাসীর যানজট সমস্যা সমাধানের জন্য ফ্লাইওভার, মেট্রোরেল তৈরি করছেন। পানি-বিদ্যুৎ সমস্যার সমাধান করছেন। এসব উন্নয়নের কাজে সহযাত্রী হিসেবে আপনাদের সমর্থন চাই, একটি করে ইলিশ প্রতীকে ভোট চাই। একটি নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে চাই। আপনাদের ভোটে মেয়র নির্বাচিত হলে আমার মেয়াদকালে নগর পিতা নয়, সন্তান হিসেবে আগলে রাখবো। মানুষের কল্যাণে বাবার মতো আমার জীবন উৎসর্গ করবো।’
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস, আওয়ামী লীগ নেতা ডা. বদিউজ্জামান ভুইুয়া ডাবলু, নজরুল ইসলাম বাবু, সাহিত্যিক শ্যামলী নাসরিন চৌধুরী, ড. হামিদা বানু, অধ্যাপক মাকসুদ কামাল, আফরোজা বানু প্রমুখ।