রংপুর : নগরীর বিনোদপুরে রবিবার দুপুরে ভূমিকম্পের সময় মাটিচাপা পড়ে আখতারুল ইসলাম (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।
দমকল বাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর সদরের রেলগেট বিনোদপুরের আবদুল ওহাবের বাড়ির ল্যাট্রিনের কুয়া খোঁড়ার জন্য আখতারুল ইসলাম মাটি নিচে নামেন। এ সময় ভূমিকম্পে গর্তের মাটি চারদিক থেকে ভেঙে পড়ে। এ সময় নিচে থাকা আখতারুল মাটিচাপা পড়েন। খবর দেওয়া হয় রংপুর দমকল বাহিনীকে। দমকল বাহিনীর দুটি ইউনিট গিয়ে মাটি খুঁড়ে গর্ত থেকে আখতারুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহত আখতারুলে বাড়ি সদর উপজেলার ভুরারঘাট এলাকায় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, অনেক চেষ্টার পর তারা লাশটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন।