গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুরের মোজাফ্ফর হোসেনের ছেলে এরশাদুল ইসলাম (৩০) ও একই ইউনিয়নের পাঠানপাড়ার আহম্মদ আলীর ছেলে আরমান আলী সোহাগ (১৮)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)নিহার রঞ্জনসহ পুলিশের একটি টিম গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট মহাসড়কে বাগদা ইক্ষু ফার্ম এলাকায় বিভিন্ন গাড়িতে অভিযান চালায়। এ সময় দিনাজপুর হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এরশাদুলের হাতে থাকা ট্রাভেল ব্যাগের ভেতর ৩৫ বোতল ও আরমানের প্যান্টের পকেট থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।