সিসি নিউজ: সরকারী খরচে ১৫ বছরে নীলফামারীতে দুই হাজার ৩২৫ জন অসহায় ও দরিদ্র মানুষকে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আদালত চত্তরে এক আলোচনা সভায় এমন তথ্য জানানো হয়।
জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মাহ্মুদুল কবীরের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ন জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায়, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক হাসানুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ নাসিরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলীমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ সোয়েম প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে সকালে জেলা আইনগত সহায়তা কমিটির উদ্যোগে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে সেখানে দিনব্যাপী অনুষ্ঠিত হয় আইনগত সহায়তা মেলা ও সেচ্ছায় রক্তদান কর্মসূচী। জেলা আইনগত সহায়তা কর্মকর্তা ও সহকারী জজ ইসমাইল হোসাইন জানান, ২০০১ সালে জেলায় আইনগত সহায়তা কার্যক্রম শুরু হয়। ২০০১ সাল থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত সরকারী খরচে জেলার দুই হাজার ৩২৫ জন মানুষকে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে ৪৯৭ জন অসহায় বিচার প্রার্থীর মামলা নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে এক হাজার ৮২৮ জন অসহায় বিচার প্রার্থীর মামলা চলমান রয়েছে।