ঢাকা: জাতীয় সংসদ সংলগ্ন চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ভাঙচুর করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।বুধবার রাতে এই ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কে বা কারা ভাঙচুর করেছে তা জানা যায়নি।
বৃহস্পতিবার সকালে সমাধিতে গিয়ে দেখা যায়, জিয়াউর রহমানের সমাধিস্থল ঘিরে রাখা গোলকার কাঠামো থেকে মার্বেল পাথরের ১১টি টাইলস তোলা। কয়েকটি টাইলস ভাঙা।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, “গতকাল রাতে জিয়ার মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এতে সমাধির বেশ কিছু মার্বেল পাথরের টাইলস ভেঙে গেছে।” তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
শায়রুল কবির জানান, ভাঙচুরের খবর পেয়ে বিএনপির নেতারা জিয়ার সমাধিতে গেছেন।
সমাধির পরিচ্ছন্নতা রক্ষা করতে বিএনপি থেকে নিয়োগ দেয়া মিজানুর রহমান সাংবাদিকদের জানান, সকালে সমাধিতে গিয়ে তিনি দেখতে পান জিয়ার কবর ঘিরে থাকা নকশাদার কাঠামোর মার্বেল পাথরের ১১টি টাইলস ভাঙা অবস্থায় পড়ে আছে।
নতুন বার্তা/মোআ