রাজশাহী: নাশকতার মামলায় গ্রেফতার এড়াতে পালিয়ে থাকা রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সাময়িক বরখাস্ত হচ্ছেন। পুলিশের আবেদনের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হচ্ছে। চলতি সপ্তাহে কর্মদিবস শুরু হলে যে কোনো সময় এ সংক্রান্ত আদেশ মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশনের এসে পৌঁছাতে পারে। বর্তমানে এ নিয়ে নগর ভবনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
সিটি করপোরেশনের ওই সূত্রটি জানান, মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল অপসারিত হচ্ছেন। যে কোনো মুহূর্তে অপসারণের আদেশ জারি হতে পারে। তার স্থলে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আওয়ামী লীগ সমর্থক প্যানেল মেয়ররা দায়িত্ব পেতে পারেন। সিটি মেয়রের বিরুদ্ধে আদালত চার্জশিট গ্রহণ করায় পুলিশের আবেদনের পর তাকে সাময়িক অপসারণের এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সূত্র জানায়, গত ২৩ এপ্রিল বুলবুলকে অপসারণের যাবতীয় প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত একজন প্যানেল মেয়র বা সিনিয়র একজন কাউন্সিলর মেয়রের দায়িত্ব পাচ্ছেন। স্থানীয় সরকারের আইনে (সিটি করপোরেশন) যে কোনো মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালত চার্জশিট গ্রহণ করলে তাকে সাময়িক অপসারণের বিধান রয়েছে। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ধারা ১২তে মেয়র ও কাউন্সিলরদের সাময়িক বরখাস্তকরণের বিষয়টি এতে উল্লেখ করা হয়েছে। নাশকতাসহ বিভিন্ন মামলায় রাজশাহী সিটি মেয়র পলাতক রয়েছেন।
রাজশাহীতে ৫ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে নাশকতা, সহিংসতা, জানমাল ও সম্পদ বিনষ্টে ভয়াবহতা এবং বিস্ফোরক আইনে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে রাজশাহী মডেল থানায় কয়েকটি মামলা হয়। তার বিরুদ্ধে পুলিশের দেওয়া চারটি মামলার চার্জশিট আদালত গ্রহণ করেন। সম্প্রতি রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ বিষয়টি জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন। এতে মেয়র বুলবুলকে সাময়িক বরখাস্তের কথা বলা হয়েছে।