দিনাজপুর প্রতিনিধি : মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিব এম এ হান্নান মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে বলেছেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের যে সম্মান ও সুযোগ দিয়েছে অতিতের কোন সরকার তা দেয়নি। এক সময় মুক্তিযোদ্ধাদের ৩শ’ টাকা দুঃস্থ ভাতা দেয়া হতো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার তাদের জন্য দুঃস্থ ভাতার পরিবর্তে সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন এবং ৫ হাজার টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে। আগামীতে এই ভাতা আরো বাড়ানোর চিন্তা করছে সরকার। তাই বর্তমান সরকারকে আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো উচিত।
তিনি বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ ও স্থান নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সচিব এম এ হান্নান আরো বলেন, মুক্তিযোদ্ধাদের চাকরীর জন্য শুধু কোটার দিকে তাকিয়ে থাকলে চলবে না, যোগ্যতাও থাকতে হবে। যোগ্যতা থাকলে সরকারী চাকরীর ক্ষেত্রে তাদের মূল্যায়ন করা হবে। তিনি বলেন, দেশের সকল মানুষের সহযোগিতা না পেলে এ দেশ স্বাধীন করা সম্ভব হতো না। এদেশের স্বাধীনতার পেছনে সকলেরই অবদান রয়েছে। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, তাই তাদের কাজটাও শ্রেষ্ঠ হতে হবে। তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা সমাধানে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া যেসব উপজেলায় মুক্তিযোদ্ধা ভবনের জন্য এখনো স্থান নির্ধারন হয়নি সেসব উপজেলায় আগামী ১৫ দিনের মধ্যে ভবন নির্মাণের জন্য জমি নির্ধারন করে মন্ত্রনালয়ে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান মিঞার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মাহমুদ হাসান, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সিদ্দিক গজনবী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এনামুল হক, সাবেক সংসদ সদস্য ও কাহারোল উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক সরকার প্রমুখ। মতবিনিময় সভায় দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. আব্দুল জলিল, মো. সাইদুর রহমান, দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌলশী, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল খাইরুমসহ অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, ১৩ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার, ১৩ উপজেলা প্রকৌশলী, জেলা প্রশাসক অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের সচিব এম এ হান্নান জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীসহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে মাতা সাগর এলাকায় নবনির্মিত দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভবন পরিদর্শন করেন।
পরে মুক্তিযোদ্ধা সংসদের নামে বরাদ্দকৃত আনন্দ সাগর পুকুরে ১৯ মণ মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত করেন দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সিদ্দিক গজনবী। এ সময় দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. আব্দুল জলিল, মো. সাইদুর রহমানসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল নেতৃবন্দ উপস্থিত ছিলেন।