রাজশাহী : রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ চম্পা বেগম (২২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহীর সদস্যরা।
বৃহস্পতিবার সকালে নগরীর গোরহাঙ্গা এলাকায় তার নিজ বাসায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়। চম্পা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী টোটন শেখের স্ত্রী।
র্যাব-৫, রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের কমান্ডার মেজর জামান বৃহস্পতিবার বিকেলে জানান, দীর্ঘদিন ধরে নগরীর গোরহাঙ্গা এলাকার টোটন শেখ নিজ বাসায় ইয়াবা ও হেরোইনের ব্যবসা করে আসছেন- এমন তথ্য তাদের কাছে আসে। এ তথ্যের ভিত্তিতে সকালে ওই এলাকায় মাদক ব্যবসায়ী টোটন শেখের বাসায় অভিযান চালানো হয়।
এ সময় ওই বাসা থেকে এক হাজার ২১২ পিস ইয়াবা, ১১৩ গ্রাম হেরোইন, ৬টি মোবাইল সেট, নগদ এক লাখ ১৮ হাজার ৫৭০ টাকাসহ তার স্ত্রী চম্পা বেগমকে গ্রেফতার করা হয়। তিনিও দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে মাদক ব্যবসায় জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে টোটন শেখ পালিয়ে যেতে সক্ষম হয়।
বর্তমানে র্যাব কার্যালয়ে চম্পা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর মাদক ব্যবসায়ী টোটন শেখকে গ্রেফতারে র্যাবের একটি বিশেষ টিম অভিযানে রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।