দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিকদের মধ্যে নীতি-নৈতিকতা থাকতে হবে। নৈতিকতা ও বিবেক দিয়ে কাজ করতে হবে। যারা আমাদেরকে এই দেশটা দিয়ে গেছেন তাদের নিয়ে ভাবতে হবে। রাষ্ট্রের সার্বভৌমত্ত রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমরা যে দলই করিনা কেন আমাদের সকলের পরিচয় আমরা সাংবাদিক। সাংবাদিকদের মধ্যে কোন বিভাজন থাকবে না।
শনিবার (২৩ মে) দুপুরে দিনাজপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত সাংবাকিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো. আবু রায়হান মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, পুলিশ সুপার মো. রুহুল আমিন। জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও বিটিভি জেলা প্রতিনিধি মো. মতিউর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মিজানুর রহমান লুলু, দিনাজপুর প্রেসক্লাব অপর গ্রুপের সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ওয়াহেদুল আলম আর্টিষ্ট, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মো. ইদ্রিস আলী, আলোকিত বাংলাদেশ’র জেলা প্রতিনিধি মো. কামরুল হুদা হেলাল, ইনডিপেন্ডন্টে ও কালেরকন্ঠের দিনাজপুর প্রতিনিধি সালাহ উদ্দীন আহমেদ, দৈনকি উত্তর বাংলার বার্তা সম্পাদক ও বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মো. শাহাদত হোসেন শাহ, সাপ্তাহিক আওয়ামী কন্ঠের বার্তা সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি নুরুল হুদা দুলাল, দৈনিক করতোয়া জেলা প্রদিনিধি শাহরিয়ার শহীদ মাহবুব হিরু প্রমুখ। মতবিনিময় সভায় দিনাজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, সাংবাদিকরা কলম সৈনিক। এই কলমের সাথে সাংবাকিদের পেশা ও জীবন-জীবিকা জড়িত। তাদের বিবেককে সত্যিকার অর্থে ব্যবহার করলে সমাজের উপকার হবে। আল্লাহ প্রদত্ত বিবেক দিয়ে পরিচালিত হলে কোন আইনের প্রয়োজন হয় না। পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, সাংবাদিকরা শতভাগ মেধাবী। মেধাহীন লোক সাংবাদিক হতে পারে না। তাই তাদের মেধাকে দেশ ও জাতির কল্যাণে ব্যবহার করতে হবে।
এর আগে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে দিনাজপুর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।