আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়া এয়ারলাইনসকে ‘ টেকনিক্যালি দেউলিয়া’ হিসেবে ঘোষণা দিলেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা। একই সঙ্গে ৬ হাজার কর্মী ছাটাইয়ের কথাও বলেছেন তিনি। বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
পরপর ঘটে যাওয়া দুটি দুর্ঘটনার পর এমন ঘোষণা দিয়ে এই বিমান সংস্থাকে নতুন করে সাজানোর কথা বলা হয়েছে। মালয়েশিয়া এয়ারলাইনসে বর্তমানে ২০ হাজার কর্মী চাকরি করেন। এর মধ্যে ১৪ হাজার কর্মী চাকরিতে বহাল থাকবেন।
মে মাসে মালয়েশিয়া এয়ারলাইনসের নতুন নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয় ক্রিস্টোফ মুয়েলের। তার নিয়োগের পর এমন কোনো ঘোষণা আসতে পারে বলে আগেই ধারণা করা হচ্ছিল।
সোমবার এক সংবাদ সম্মেলনে মুয়েলের বলেন, ‘আমরা টেকনিক্যালি দেউলিয়া। তবে বর্তমানে সব ফ্লাইট ও সেবা স্বাভাবিকভাবেই চলছে।’
২০১৪ সালের মার্চ মাসে মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৩৭০ ফ্লাইটি ২৩৯ যাত্রী নিয়ে নিখোঁজ হয়। এখনো এই বিমানের কোনো খোঁজ মেলেনি।
এর প্রায় চার মাস পরে ২৯৮ যাত্রী নিয়ে ইউক্রেনের বিধ্বস্ত হয় এই সংস্থার আরেকটি বিমান। ধারণা করা হয়, ভূমি থেকে ছোড়া কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়। কিন্তু কোনো পক্ষই এর দায় স্বীকার করেনি বা কারা এই ঘটনা ঘটায়, তাদের কোনো হদিসও মেলেনি।