খেলাধুলা ডেস্ক: অনুশীলনে অংশ নিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসার পথে বাসের ধাক্কায় আহত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রিকশায় চড়ে মিরপুর স্টেডিয়ামের দিকে রওন হন মাশরাফি। এ সময় পেছন থেকে একটি বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান তিনি। পড়ে গিয়ে দুই হাতের কবজি ও হাঁটুতে আঘাত পান মাশরাফি। তার দুই হাত ও হাঁটুতে ব্যান্ডেজ করা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পর্যবেক্ষণে রয়েছেন মাশরাফি। অবশ্য মাশরাফিকে নিয়ে শঙ্কার তেমন কিছু নেই বলে জানিয়েছেন তিনি।
মাশরাফির আহত হওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা তার হাতের চোট নিয়ে উদ্বিগ্ন। তবে ওয়ানডের সিরিজের আগে তার সেরা ওঠার জন্য আমরা অবশ্যই তাকে সর্বোচ্চ সুযোগ দেব।’
এদিকে আগামী সপ্তাহে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত। ১০ জুন থেকে ফতুল্লায় একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে দুই দল। এরপর ১৮, ২১ ও ২৪ জুন মিরপুরে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাশরাফি।