ঝিনাইদহ: মাত্র ২৩ দিন আগে জন্ম হয় ফুটফুটে শিশুটির। হাসপাতালেই ওর নাম রাখা হয় রেদওয়ান। কদিন পরে হাসপাতাল ছেড়ে মার সঙ্গে রেদওয়ান সোজা চলে যায় নানাবাড়ি। শিশুটির কান্নায় হাসি ফুটে ওঠে নানাবাড়ির সবার মুখে। কিন্তু শুক্রবার গভীর রাতের কান্নাই কাল হয়েছে রেদওয়ানের। মার কোল আলো করে থাকা রেদওয়ান হারিয়ে গেছে চিরতরে। সন্তানকে হারিয়ে মায়ের বুকফাটা কান্না যেন থামছে না।
শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদরের হলিধানী ইউনিয়নের কাশীপুর গ্রামে। আর ২৩ দিনের নাতিকে হত্যার ঘটনায় নানী রোজিনাকে (৪৭) আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, কাশিপুর গ্রামের মমিন মোল্যার মেয়ে রেখা খাতুন ২৩ দিন আগে ঝিনাইদহ সদর হাসপাতালে ফুটফুটে ছেলে সন্তান প্রসব করে। দুদিন পরে হাসপাতাল থেকে রেখা তার ছেলেকে নিয়ে চলে আসে বাবার বাড়িতে। কয়েকদিন ভালোই কেটে যাচ্ছিল। কিন্তু শুক্রবার রাত ৩ টার দিকে ক্ষুধার জন্য কান্নাকাটি শুরু করে শিশুটি। সে সময় রোজিনা বেগম মেয়ের কোল থেকে নাতিকে তুলে নিয়ে পাশের ঘরে যায়। সেখানে ধানের ঢিবিও ভেতর শিশুকে বাসিয়ে ধান দিয়ে চাপা হত্যা করেন।
ভোরে ঘুম ভেঙে যায় শিশুটির মায়ের। সন্তানকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পাশের কক্ষে গিয়ে ধানের মধ্য থেকে সন্তানকে মৃত উদ্ধার করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধারসহ শিশুটির নানী রোজিনা বেগমকে আটক করা হয়েছে। ওসি বিপ্লব কুমারের ধারনা, আটক রোজিনা বেগম একজন মানসিক রোগী।



