দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে নানা আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা ইত্যাদি।
এ উপলক্ষে শুক্রবার (১২ জুন) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপির উদ্যোগে সকাল ১০টায় দিনাজপুর পৌরসভার সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। পরে শিশু একাডেমী মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে পৌরসভার সামনে সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। র্যালি ও মানববন্ধনে ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা ও শহরের বিভিন্ন এলাকা হতে আগত শিশুশ্রম প্রতিরোধ কমিটির সদস্যসহ বিপুল সংখ্যক শিশু অংশগ্রহণ করে।
এদিকে সকাল সাড়ে ১০টায় শিশুশ্রম প্রতিরোধ কমিটি ২নং ওয়ার্ড কমিটির আয়োজনে চাউলিয়াপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠ হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে চাউলিয়াপট্টি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাউলিয়াপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। র্যালির আগে চাউলিয়াপট্টি-লালবাগ রোডে সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। র্যালি ও মানববন্ধনে শিশুশ্রম প্রতিরোধ কমিটি ২নং ওয়ার্ডের সভাপতি সোহেল আরমান রাকিব, সদস্য সাংবাদিক মাহবুবুল হক খান, অতিথি সাংবাদিক কাজী শরিফুল ইসলাম মঞ্জু, ওয়ার্ল্ড ভিশন ১ ও ২নং ওয়ার্ডের প্রতিনিধি রতন দাসসহ কমিটির অন্যান্য সদস্য ও ২নং ওয়ার্ডের শতাধিক শিশু অংশগ্রহণ করে। এছাড়া দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে পৃথক পৃথক র্যালি, মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসব র্যালিতে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরসহ শিশুশ্রম প্রতিরোধ কমিটির সদস্য ও ওয়ার্ডের শিশুরা অংশগ্রহন করে।